নয়নাভিরাম গাইন (নয়ন)।। ধানের লাভজনক দাম, ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা, প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু,তেল সিন্ডিকেট ভাঙ্গা, খাল, স্লুইস, দখল মুক্ত করণ সহ নানা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুব'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) বাংলাদেশ কৃষক সমিতির নীলগঞ্জ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হক গাজী ও সদস্য আলতাফ গাজী।
সমাবেশে বক্তারা বলেন,বর্তমানে কৃষকদের এক কেজি ধান ফলাতে ব্যয় করতে হয় ৩০ থেকে ৩২ টাকা। কিন্তু মধ্যসত্ত্বভোগী দালাল শ্রেণী সেই ধানকে সিন্ডিকেটের মাধ্যমে কেজী ক্রয় করে ১৬ থেকে ১৮ টাকায়। এরপরে তেল সংকটের কারণে ধান কাটায় হারভেস্টার মেশিন মালিকরা সিন্ডিকেট করে এক কানি জমিতে মূল্য নির্ধারণ করছে ১৬ থেকে ১৮ হাজার টাকা। যা আগের বছরের তুলনায় ৬ হাজার টাকা বেশি। সবকিছু মিলিয়ে বোরো মৌসুমে কৃষকরা জমিতে যে টাকা খরচ করেছে তা তোলা তাদের পক্ষে অসম্ভব। এমতাবস্থায় সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের বাঁচানোর আহ্বান জানান। এছাড়াও খাল,স্লুইচ ইজারা বাতিল ও নতুন করে ইজাড়া না দেওয়ারও জোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে কৃষকরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের উত্তর ও দক্ষিণে বাজার প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।