কলাপাড়ার মধ্যলোন্দা গ্রামে বিদ্যুৎহীন ১০ পরিবার, তীব্র গরমে নাভিশ্বাস
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামের প্রায় ৯ থেকে ১০টি পরিবার এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব পরিবারের ঘরে পৌঁছেনি বিদ্যুতের আলো। ফলে তীব্র গরম ও নানাবিধ দুর্ভোগের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে রয়েছেন মোস্তফা মৃধা, শাহিন মৃধা, জাহিদুল মৃধা, সেকেন্দার মৃধা, আসলাম হাওলাদার, রফিক হাওলাদার, নাছের মৃধা, স্বপন মৃধা ও শিপন মৃধা। প্রত্যেক পরিবারের নিজস্ব বসতঘর থাকলেও এখনো তারা বিদ্যুৎ সংযোগ পাননি।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ সংযোগের দাবিতে ক্ষোভ প্রকাশ করে একত্রিত হয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযোগ করেন, বিদ্যুতের সংযোগ দেওয়ার আশ্বাস দিয়ে একটি দালাল চক্র তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা কোনো সংযোগ পাননি।
ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ না থাকায় শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এছাড়া মোবাইল চার্জ, ফ্যান চালানোসহ দৈনন্দিন নানা কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।
এসময় তারা দ্রুত তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।