কলাপাড়ায় উচ্ছেদ ও মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় পাঁচ বছর আগে ক্রয়কৃত জমিতে নির্মিত বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আর্থিক ক্ষতি ও মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. আবদুল হক ঘরামী।
সোমবার (১ জুন) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে আবদুল হক ঘরামী বলেন, তিনি একজন রাজমিস্ত্রী। কষ্টার্জিত অর্থ দিয়ে পাঁচ বছর আগে নবীপুর মৌজায় ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়ি, বাগান ও পুকুর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। পরবর্তীতে তার প্রতিবেশী রুমানা বেগম একই দাগ ও খতিয়ানে ৩৩ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন।
তিনি অভিযোগ করেন, তার জমির সীমানা প্রাচীরের ভেতরে রুমানা বেগম কাঠগাছ রোপণ করেন। গাছগুলো বড় হয়ে তার বাড়িঘর ও পুকুরের ক্ষতি করছে। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রতিবেশীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবদুল হক ঘরামী বলেন, এসব মামলা পরিচালনা করতে গিয়ে তার প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তবে এ বিষয়ে অভিযুক্ত রুমানা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
এসময় উপজেলা প্রসক্লাবের সভাপতি মো. কবির তালুকদারসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপাস্থিত ছিলেন।