কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যুবরণ করার পরও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা তালিকায় থাকা ১১৯১ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের উদ্যোগে পরিচালিত যাচাই-বাছাই কার্যক্রমে এ তথ্য উঠে আসে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তিদের নাম ভাতা তালিকা থেকে বাদ না পড়ায় তাদের নামে সরকারি ভাতা বরাদ্দ অব্যাহত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন তথ্য যাচাই শুরু করলে ১১৯১ জন মৃত ব্যক্তির নাম শনাক্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “সরকারি ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা তালিকা হালনাগাদের কাজ করছি। যাচাই-বাছাইয়ে ১১৯১ জন মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিতভাবে উপকারভোগীদের তথ্য যাচাই কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং এতে সরকারি অর্থের অপচয় রোধ হবে বলে মনে করছেন তারা।