কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র আহত
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান (৭) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হাসান সলিমপুর গ্রামের অটোরিকশাচালক কুদ্দুস হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়।