কলাপাড়ায় জমিতে চাষাবাদে বাধার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিজেদের ও সহশরিকদের স্বত্ব ও দখলীয় জমিতে ভোগদখলে বাধা সৃষ্টি এবং চাষাবাদে প্রতিবন্ধকতা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জমিতে শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন হাজী মো. আব্দুল খালেক।
অভিযোগ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার বড় বালিয়াতলী মৌজার এসএ ৩৯, ৪০, ৪২ ও ৪৪ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত মোট ৫ দশমিক ৭৫০০ একর জমি দলিলমূলে হাজী মো. আব্দুল খালেক, তার ভাই, স্ত্রী ও ছেলে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ এর নামে ক্রয় করা হয়। পরবর্তীতে ওই জমি তাদের নামে বিএস ৬৪, ৬৫ ও ৩৩১ নম্বর খতিয়ানে রেকর্ডভুক্ত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। কিন্তু বর্তমানে বড় বালিয়াতলী এলাকার কয়েকজন ব্যক্তি ওই জমির ভোগদখল ও চাষাবাদে বাধাবিঘ্ন সৃষ্টি করছেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার কাগজপত্র নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অভিযোগকারী তার দাবির সমর্থনে এসএ ও বিএস খতিয়ানের পর্চাসহ ৪৯৫ নম্বর দলিল এবং আরও ৯টি দলিলের ফটোকপি সংযুক্ত করেছেন বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগগুলো অভিযোগকারীর বক্তব্য ও লিখিত আবেদনের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।