কলাপাড়ায় জমিজমা বিরোধে হামলা, দুই পক্ষের ৫ জন আহত
আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মো. জলিল হাওলাদার (৮০), রাজিব হাওলাদার (২২), লিমা (২০), জিয়াদ (১৭) ও হাফসা বেগম (২৬)। তাদের মধ্যে লিমাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।
আহত জলিল হাওলাদারের ভাই মো. জাহাঙ্গীর হাওলাদার অভিযোগ করে বলেন, নিজেদের জমি তহশিলদার নিয়ে মাপজোক করে ফেরার পথে শামিম, হানিফ, সজল, শহিদুল ও শাহজালালসহ ৩০-৪০ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় জলিল হাওলাদার ও তার ভাইয়ের মেয়ে লিমাকে কুপিয়ে জখম করা হয়। এছাড়া তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
অন্যদিকে আহত জিয়াদ অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষই তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।
কলাপাড়া থানার এসআই মো. মাসুদ রানা জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ থাকায় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।