মা'ম'লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা'ম'লা, জ'খ'ম ১
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মামলা তুলে নিতে রাজি না হওয়ায় আদালতে সাক্ষ্য দিয়ে বাড়ি ফেরার পথে বাদিপক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিবাদীপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম বাবুল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৯ জুলাই ২০২৬ তারিখে মারামারিতে সাইফুল ইসলাম বাবুল এর পিতা মোঃ হারিছ মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরবর্তীতে তাঁর ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদি হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা (জি.আর ৯৩/২০২৬) দায়ের করেন। মামলাটি দায়েরের পর আগাম জামিন নিয়ে বিবাদীপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।
সাইফুল ইসলাম বাবুল বলেন, রবিবার (৪ অক্টোবর) বিকেলে আদালতে সাক্ষ্যদান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বালিয়াতলী ব্রিজের ওপর ওত পেতে থাকা ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল সাইফুল ইসলাম বাবুল ও ১নং সাক্ষীর গতিরোধ করে। বিবাদীপক্ষ লোহার রড, হকিস্টিক, জিআই পাইপ ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালালে সাইফুল ইসলাম বাবুলের ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের ও হাত-পা ভেঙে চিরতরে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বিবাদী খলিলুর রহমান বলেন সাইফুল ইসলাম বাবুল আমাদেরকে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ীঘর ছাড়া করে বাড়ী লুটপাট করে সব নিয়ে যায়। আমরা আগাম জামিন নিয়ে এলাকায় আসি আমরা বাবুলের উপর হামলা করিনি আমাদেরকে নামে কলাপাড়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।