কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় একজনকে জরিমানা, জাল পুড়িয়ে বিনষ্ট
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা অবৈধ মাছ ধরার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কলাপাড়া পুরাতন ফেরিঘাট এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সহকারী কমিশন ভূমি ও মৎস্য কর্মকর্তা আন্ধারমানিক মোহনায় অভিযান চালিয়ে জালসহ দুজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
আটক অপর ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান ও জব্দ করা জাল বিনষ্টের সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জহিরুল নবী মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।