কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রায়হান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।
শিশুটির মা রুমা বেগম জানান, সকালে রায়হানকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি গৃহস্থালির কাজে বাইরে যান। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ফিরে এসে শিশুটিকে আর দেখতে পাননি।
শিশুটির বাবা মো. রাসেল খান জানান, তিনি শিশুটির পাশেই ঘুমিয়ে ছিলেন। নিখোঁজের খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পুকুরে মোটর লাগিয়ে পানি শুকিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা উদ্বেগ দেখা দিয়েছে। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক কাছাকাছি হওয়ায় কেউ কেউ শিশু পাচারের আশঙ্কা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শিশুটি নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।