পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে
নয়নাভিরাম গাইন (নয়ন)।। পরিবারের কাছে ফিরতে চায় কুলসুম বেগম। তার নিজের ঠিকানা হারিয়ে এখন পথে পথে ঘুরছেন তিনি। খুঁজছেন স্বামী - সন্তানদের। কুলসুম বেগমের বর্তমানে কোন স্থায়ী ঠিকানা না থাকায় দিন-রাত ঘুরছেন অন্যের দুয়ারে দুয়ারে। খাচ্ছেন যে যা দিচ্ছে তাই। এমন অসহায় অবস্থার খোঁজ পেয়ে তার আশ্রয়ের ব্যবস্থা করেছে পটুয়াখালীর কলাপাড়ার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াই। সংগঠনটি তার পরিবার খোঁজার চেষ্টা করছে। সেই সাথে পরিবার খুঁজে না পাওয়া পর্যন্ত কুলসুম বেগমের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে সংগঠনটি। বর্তমানে কুলসুম বেগম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে রয়েছেন।পরিবার হারা এই বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর। তার স্বামীর নাম মোক্তার সিকদার (কুদ্দুস)। কুলসুম বেগম চার সন্তানের জননী। তার ছেলের নাম ইব্রাহিম, বড় মেয়ের নাম সুফিয়া,মেজ মেয়ের নাম ফিরোজা,আর ছোট মেয়ের নাম পারুল বলে জানিয়েছেন তিনি। এছারাও তিনি আরও কয়েকজন স্বজনের নাম বলেছেন, এর মধ্যে রয়েছে তার দেবর জব্বার, হামিদ ও সত্তার। তিনি এও বলেছেন তার স্বামী বাড়িতে ধান চালের ব্যবসা করতেন। কুলসুম বেগম সব কিছু বলতে পারলেও তার থানা, জেলা, ইউনিয়ন কিংবা গ্রামের নাম কিছুই বলতে পারছেন না। তবে তিনি শুধু বার বার একটি নাম উচ্চারণ করেন তা হোল ঝিকরগাছা। আর মুখে একটাই শুধু বুলি আমি বাড়ি- ফিরতে চাই। তাই পরিবার হারা অসহায় কুলসুম বেগমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা কামনা করছে পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন। যদি কেউ পরিবারের সন্ধান যেনে থাকেন অথবা তাকে চিনে থাকেন তবে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।