
কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলমগীর হোসেন হাওলাদারসহ ইউনিয়ন ভূমি তহশিলদার মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে তরমুজ চাষীদের চারা নষ্ট করার মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার তার উন্নয়ন কাজের জন্য কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের একাধিক স্থানের ভূমি অধিগ্রহণ করেন। অধিগ্রহণে পাশ্ববর্তী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের ভূমিসহ কিছু খাস জমিও অধিগ্রহণ হয়। কিন্তু ওখানকার কিছু জমির মালিকানা নিয়ে মতপার্থক্য ও বিরোধের দেখা দিলে কলাপাড়া উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ সেখানে লাল নিশান টানিয়ে দেন। জমির মালিকানার সুরাহ না হওয়া পর্যন্ত সেখানে চাষাবাদ বন্ধের ঘোষণা দেয়া হয়। অথচ হলুদিয়া ইউনিয়ন বিএনপি'র কতিপয় নেতাসহ স্থানীয়রা সেই নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে তরমুজ চাষাবাদের চেষ্টা করেন। সংবাদ পেয়ে ধানখালী ইউনিয়ন ভূমি তহশিলদার সেখানে গেলে ওখানকার লোকজন তার উপর চড়াও হয়। পরে ধানখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. আলমগীর হাওলাদার এবং অন্যান্য লোকজনের সহায়তায় তাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরবর্তীতে এই ঘটনাকে ধামা চাঁপা দিতে তাদের নামে তরমুজের চারা নষ্ট করার মিথ্যা অপবাদ দেয়া হয়। যা প্রকৃত অর্থে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মানববন্ধনে উপস্থিত সকল সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠিন বিচারের দাবী জানান।
ধানখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. আলমগীর হাওলাদার বলেন, তিনি মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের শিকার। একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এধরণের চক্রান্ত চালাচ্ছেন। তিনি এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিচার কামনা করেন।
তবে, আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক মো. লিমন হাওলাদার বলেন, ঘটনার সময় তিনি ওই স্থানে ছিলেন না। সংবাদ পেয়ে তহসিলদারকে কল করলে তার সাথে খারাপ ব্যবহার করেন। পরে ঘটনাস্থলে এসে জানতে পারেন তহসিলদার এবং ধানখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতিসহ একাধিক লোকজন এসে চাষীদের তরমুজের চারা নষ্ট করেছে। তিনিও এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবী জানান।
এবিষয়ে ধানখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন দাগে ওখানকার প্রায় ১০০ একর জমি বিএস জড়িপে ১ নং খাস খতিয়ানে গিয়েছে। ওই জমি নিয়ে বিরোধ দেখা দিলে কলাপাড়া ভূমি অফিসের নির্দেশে লাল নিশানা দেয়া হয় এবং সকলকে ওই জমি চাষাবাদ থেকে বিরত থাকতে বলা হয়। কিন্তু ওখানকার কতিপয় স্থানীয়রা সরকারি নির্দেশ অমান্য করে সেখানে তরমুজ চাষাবাদ করেন। পরবর্তীতে তিনি ওখানে পরিদর্শনে গেলে স্থানীয়রা তার উপর ক্ষিপ্ত হন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও গায়ে হাত তুলতে এগিয়ে আসেন। তখন ধানখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি তাকে সেখান থেকে উদ্ধার করলে তিনিসহ সকলে সেখান থেকে চলে আসেন। পরে তাদের নামে তরমুজের চারা নষ্ট করার নাটক সাজিয়ে মিথ্যা অপবাদ দেয়া হয়। তার মতে, তিনি একজন সরকারি কর্মকর্তা, তরমুজের চারা নষ্ট করা তার কাজ নয়। অধিকন্তু ওখানকার লোকজন আইন অমান্য করে গায়ের জোরে সরকারি জমি দখলের পায়তারা করছে।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নে চাষিদের তরমুজের চারা নষ্ট করায় ধানখালী ইউনিয়ন সভাপতি এবং ধানখালী ইউনিয়ন ভূমি তহশিলদারের বিরুদ্ধে অভিযোগ করেন ওইখানের স্থানীয় চাষিরা। এবিষয়ে স্যোসাল মিডিয়াসহ একাধিক পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রচার করা হয়।