কলাপাড়ায় অলি আইডিয়াল একাডেমির উদ্যোগে ইমাম ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় অলি আইডিয়াল একাডেমির ইংলিশ ভার্সন স্কুল শাখা ও মাদ্রাসা শাখার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্থানীয় ইমাম ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর সড়কের চৌরাস্তা নাচনাপাড়ায় অবস্থিত অলি আইডিয়াল একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অলি আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক উস্তাদ মুহাম্মদ অলিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও একাডেমির সম্মানিত উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ ওয়ালিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি ও একাডেমির সম্মানিত উপদেষ্টা মাওলানা মো. মাসুম বিল্লাহ রুমি এবং ঈসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের প্রভাষক ও একাডেমির স্কুল ম্যানেজমেন্ট কমিটির অভিভাবক সদস্য মো. আবু সালেহ।
এছাড়া স্থানীয় ইমামদের পক্ষ থেকে কাঠপট্টি মসজিদের ইমাম মো. আনিচুর রহমান এবং শিক্ষকদের পক্ষ থেকে খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক মো. আতাউর রহমান বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। অলি আইডিয়াল একাডেমির ইংলিশ ভার্সন স্কুল শাখা ও মাদ্রাসা শাখায় আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সমন্বিত শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক উস্তাদ মুহাম্মাদ অলিউল্লাহ জানান, অলি আইডিয়াল একাডেমি গত অক্টোবর মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদন লাভ করেছে। তিনি প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সন স্কুল শাখা ও মাদ্রাসা শাখার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ২২ আসনের স্কুল বাস চালুর ঘোষণা দেন একাডেমির সম্মানিত উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ ওয়ালিউল্লাহ। আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ তারিখে বাসটির শুভ উদ্বোধন করা হবে বলে জানানো হয়।
এদিকে, একাডেমির মাদ্রাসা শাখার হিফজুল কোরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ৯ থেকে ১১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন একাডেমির উপদেষ্টা মাওলানা মো. মাসুম বিল্লাহ রুমি। ওই উদ্বোধনী অনুষ্ঠানে ওস্তাজুল হুফফাজ, আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
অন্যদিকে, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০২৭ সাল থেকে একাডেমির শিক্ষার্থীদের জন্য সাঁতার ও কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান স্কুল ম্যানেজমেন্ট কমিটির অভিভাবক সদস্য মো. আবু সালেহ।
সভায় উপস্থিত স্থানীয় ইমাম ও শিক্ষকেরা একাডেমির ইংলিশ ভার্সন স্কুল শাখা ও মাদ্রাসা শাখার শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলি আইডিয়াল একাডেমির কম্পিউটার শিক্ষক আমিনুল ইসলাম মাহিম।
সভা শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।