সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ
আপন নিউজ ডেস্কঃ চোরের উৎপাতে অতিষ্ঠ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাধারণ মানুষ। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় চুরির ঘটনা। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে কলাপাড়া পৌর শহরের পশু হাসপাতাল এলাকায় এ্যাড. সালাম’র বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাসহ চোরের ছবি স্পষ্ট ফুটে উঠেছে সিসি টিভি ফুটেছে। দিন দুপুরে ঘরের মূল্যবান জিনিস-পত্র নিয়ে চোর চক্র চলে যাচ্ছে বীরদর্পে। এদের হাত থেকে রেহাই পায়নি হিন্দু ধর্মাবলম্বীদের ঠাকুরের মূর্তিসহ ঠাকুর ঘরের আসবাবপত্র। দিশেহারা ভুক্তভোগীরা সোস্যাল মিডিয়ায় পুরষ্কার ঘোষণা দিলেও সহসাই মিলছে না চোরের হদিস। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রশাসন আশ্বাস দিলেও লিখিত অভিযোগ নিতে অনিহা দেখাচ্ছেন বলে দাবী করছেন ভুক্তভোগীরা।
চোর চক্রের হাতে সর্বস্বহারা ভুক্তভোগী ও গণমাধ্যমকর্মী নীল রতন কুন্ড নিলয় জানান, গত ২০ অক্টোবর মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের নবমী পূজার দিন দুপুর ২ টার দিকে কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়িতে অবস্থিত তার বসবাসরত টিনের ঘরের জানালা ভেঙ্গে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘট, ঘটের ছড়া, কাশর ও ঘন্টাসহ পূজার সরঞ্জামাদি একটি বড় চোর চক্র নিয়ে গেছে। ঘটনার পরে স্থানীয় সিসি ক্যামেরা যাচাই-বাছাই করে দেখা যায়, চারজন চোরের একটি সংঘবদ্ধ চক্র অটো রিক্সার মাধ্যমে তার বাসার এসকল জিনিস চুরি করেছে। ঘটনার দিন রাতেই কলাপাড়া থানা পুলিশকে চুরির বিষয়টি অবগত করে একটি লিখিত অভিযোগ করতে চান তিনি। তাদেরকে চুরির ঘটনার ভিডিও ফুটেজসহ ছবি সরবরাহ করা হয় ।
কিন্তু তারা লিখিত অভিযোগ না নিয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন। পরবর্তীতে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একাধিক পুলিশ অফিসার বিষয়টি তদন্ত করতে তার বাসায় যান। তবে, এখন পর্যন্ত চোরচক্রকে শনাক্তসহ মালামাল উদ্ধারের বিষয়ে কোন সুরাহা করতে পারেনি। অধিকন্তু এখন এবিষয়ে তারা বিভিন্ন টালবাহানা করে অনিহা দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
আরেক ভুক্তভোগী এ্যাড. সালাম বলেন, তার বাসায় চুরির ঘটনা এবং চোরের ছবিসহ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে। সেখানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে একাধিক মানুষ কমেন্টস ও শেয়ার করছে। এগুলো কি প্রশাসনের নজরে আসেনি? এরপরেও লিখিত অভিযোগের নামে প্রশাসনের টালবাহানা চোর এবং চুরিকে উৎসাহিত করার সামিল বলেই মনে করছি। তিনি মনে করেন কেবল অভিযোগ নয় প্রশাসনের স্বদিচ্ছা থাকলেই চুরি এবং চোরের উৎপাত অনেকাংশেই কমানো সম্ভব।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে, আখরাবাড়িতে ঠাকুর ঘরে চুরির বিষয়ে অগ্রগতি জানতে চাইলে তার কাছে লিখিত অভিযোগ আসেনি বলে তিনি জানান।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply