সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার
এস এম আলমগীর হোসেন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের ব্যয় কমাতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে সিকদার কর্পোরেশন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পৌর শহরের কলেজ রোড সংলগ্ন হোটেল রুসাইবার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আবু হাসনাত রিমন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. আকবর হোসেন, সদস্য সচিব মো. আরিফ শিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, সিকদার কর্পোরেশন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ শিকদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফকরুল ইসলামসহ সাংবাদিক ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়মে ১০০ টাকা দিয়ে নিজ নামে একটি কার্ড সংগ্রহ ও নিবন্ধন করতে পারবেন একজন ব্যক্তি। নিবন্ধিত কার্ডধারীরা প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ২০০ মিলিলিটার সরিষার তেল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম লিকুইড ভিম, এক বক্স কয়েল, ১০০ গ্রাম টুথপেস্ট, ১ কেজি মসুর ডাল ও একটি বাটি। প্রতিটি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাস এ সুবিধা গ্রহণ করা যাবে।
উদ্যোক্তাদের দাবি, এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। একই পণ্য প্রচলিত বাজার থেকে কিনতে গেলে অন্তত এক হাজার টাকার বেশি অতিরিক্ত ব্যয় হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু হাসনাত রিমন শিকদার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব এবং সেবার মানসিকতা থেকেই সিকদার কর্পোরেশন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কলাপাড়া পৌরবাসীও এ সুবিধার আওতায় আসছেন।
তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন কার্ডধারীর মধ্যে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ শিকদার বলেন, বাজারদরের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই এ কার্যক্রম চালু করা হয়েছে। একজন কার্ডধারী টানা দুই বছর এ সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে মানুষের নিত্যদিনের বাজার খরচে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করছি। সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পেলে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply