রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রায় অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হারিপাড়া গ্রামে কুয়াকাটা-কলাপাড়া বিকল্প সড়কের পাশের ৫০ শতাংশ জমিতে এ ঘটনা ঘটে।
জমির মালিকানা দাবিদার মোসা. রুকসানা বিশ্বাস অভিযোগ করেন, বালিয়াতলী মৌজার ৭০/৭১ নম্বর খতিয়ানের ৫০ শতাংশ জমি প্রায় দুই যুগ আগে মরহুম শাহ আলম মোক্তারের ছেলে সাবেক বিমানবাহিনীর পাইলট জামিল আহসানের কাছ থেকে ক্রয়সূত্রে কিনে তিনি ভোগদখল করে আসছেন। ওই জমিতে মেহগনি, অর্জুন ও সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন তিনি।
তার অভিযোগ, শনিবার বিকেলে একই এলাকার মো. রাসেল হাওলাদার, কাওসার হোসেন, আশিক ও মিজানুর রহমান ওই জমিতে থাকা অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলেন। এ সময় তারা জমি দখলের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযুক্ত রাসেল হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমি নিয়ে আদালতে মামলা হয়েছিল। মামলায় তাঁরা রায় পেয়েছেন এবং আদালতের মাধ্যমে জমি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী রুকসানা বিশ্বাস আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply