সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বানাতীপাড়া মৌজায় ১২ দশমিক ৬০ একর জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধের ঘটনায় ১৯৬১-৬২ সালের একটি নামজারি মামলা বাতিলের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে বানাতীপাড়া গ্রামের শাহজাহান হাওলাদার ও মো. আলতাফ হোসেন প্যাদা কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) আদালতে আবেদন করেন। আবেদনে আঃ খালেক হাওলাদারকে বিবাদী করা হয়েছে।
আবেদনকারীদের দাবি, বানাতীপাড়া মৌজার এসএ ২৯ ও ৯৪ নম্বর খতিয়ানের অধীনে মোট ১২ দশমিক ৬০ একর জমির মালিক তারা এবং ওই খতিয়ানের রেকর্ডীয় মালিকদের ওয়ারিশ। দীর্ঘদিন ধরে তারা ও তাদের পূর্বসূরিরা জমিগুলো ভোগদখল করে আসছেন। জমিতে ২০টিরও বেশি বসতঘর নির্মাণ করে বসবাসের পাশাপাশি কিছু জমিতে চাষাবাদও করছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারি খাজনা পরিশোধ এবং জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ গ্রহণের তথ্যও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও দাবি করা হয়, বিবাদী পক্ষের নামে ৩৯২/১৯৬১-৬২ নম্বরের একটি নামজারি মামলা সম্প্রতি সংশ্লিষ্ট বালামে লিপিবদ্ধ করা হয়েছে। তবে ওই মামলার কোনো অস্তিত্ব নয়াকাটা ভূমি অফিস ও জেলা প্রশাসকের রেকর্ড রুমে পাওয়া যায়নি বলে দাবি করেছেন আবেদনকারীরা। বিবাদী পক্ষের নামে ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলাও নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিবাদী আঃ খালেক হাওলাদার ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন অভিযোগকারীরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো জাল-জালিয়াতি হলে ছাড় দেওয়া হবে না।”
তবে অভিযোগের বিষয়ে বিবাদী আঃ খালেক হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply