বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা পৌরসভায় ১৫ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন অফিস সহায়ক মো. চান মিয়া। দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও সততার স্বীকৃতি হিসেবে তাকে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে সম্মানজনক বিদায় জানানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি। পরে এক ব্যতিক্রমী উদ্যোগে পৌর প্রশাসক ইয়াসীন সাদেক নিজ গাড়ি সাজিয়ে চান মিয়াকে সম্মানের আসনে বসান এবং ব্যান্ড বাজিয়ে আনন্দঘন পরিবেশে তাকে বাড়ি পৌঁছে দেন।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত অতিথিরা বিদায়ী এই কর্মচারীর কর্মনিষ্ঠা ও সততার ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয়রা জানান, সাধারণত অবসরের পর অনেক কর্মচারীকেই তাদের পাওনা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে—চান মিয়ার বিদায়ের দিনই তার সকল বেতন-ভাতা ও প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে, যা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদায়ী মুহূর্তে আবেগাপ্লুত হয়ে চান মিয়া বলেন, এমন সম্মানজনক বিদায় তিনি কখনো কল্পনাও করেননি। সহকর্মীদের ভালোবাসা এবং সময়মতো সকল পাওনা বুঝে পাওয়ায় তিনি সন্তুষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, চান মিয়া দায়িত্ব পালনে সবসময় আন্তরিক ছিলেন। তার অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অবসরে যাওয়া কর্মচারীদের ক্ষেত্রেও একইভাবে প্রাপ্য সুবিধা দ্রুত পরিশোধের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply