শনিবার, ০২ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চাপলী বাজারে এক ব্যাংক কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী মোঃ আল আমিন জনতা ব্যাংক পিএলসি’র খেপুপাড়া শাখার কর্মকর্তা। তিনি ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবেও এলাকায় পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে আল আমিনের ওপর হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
অভিযোগ রয়েছে, ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের কয়েকজন ব্যক্তি-মনির (৩৬), ফেরদাউস (২৬) ও মন্টু (২২)-এ ঘটনায় জড়িত। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত।
প্রত্যক্ষদর্শী আ. সালাম জানান, “হঠাৎ করেই হামলা শুরু হয়, আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।”
এ বিষয়ে স্থানীয় শিক্ষক তারিকুল ইসলাম সুমন বলেন, “দিবালোকে এমন হামলার পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
ভুক্তভোগী আল আমিন জানান, কয়েকদিন আগে মাছ কেনা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার কথাকাটাকাটি হলেও পরে তা মীমাংসা হয়েছিল।
এদিকে স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান লিমন অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত থাকলেও প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে।
ঘটনা সম্পর্কে মহিপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শামীম আহম্মেদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply