সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

আমতলীতে শালিস বৈঠকে হামলা, আহত ৪,তিনজন জেল হাজতে
আমতলী প্রতিনিধিঃ শালিস বৈঠককে কেন্দ্র করে আমতলী পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শাহীন আকন ও তার সহযোগীদের হামলায় চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার রাতে আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ডে। জানাগেছে, আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকার মোসা. শিল্পী বেগম ও তার খালাতো ভাই শিপন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার রাতে সাবেক ইউপি সদস্য ও আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারের নেতৃত্বে মানিকঝুড়ি বাজারের একটি ঘরে শালিস বৈঠক হয়।অভিযোগ রয়েছে,বৈঠক চলাকালে আমতলী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন আকন ভুক্তভোগী নারী মোসা. শিল্পী বেগমকে অশালীন ভাষায় গালাগাল করেন। ওই বাজারের ট্রান্সপোর্ট ব্যবসায়ী বাহাদুর মিয়া ওই নারীকে গালাগালের প্রতিবাদ করেন। এতে ক্ষুব্দ হয়ে শাহীন আকন। পরে তার নেতৃত্বে তার সহযোগীরা বাহাদুর ও তার লোকজনের ওপর হামলা চালায়। হামলায় শাহ আলম, আবুল বাসার, হাসান ও শহিদুল গুরুত্ব রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল চৌধুরী প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহ আলম ও হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। অপর দুইজনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত শাহিন আকন, তার বাবা শানু আকন ও ভাই শামিম আকনকে আটক করে। এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। পুলিশ রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত তিন আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মো ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী নারী শিল্পী বেগম বলেন, শাহীন আকন আমাকে গালাগাল করতেছিল। বাহাদুর এর প্রতিবাদ করায় তাকে ও তার চাচাকেসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আমতলী সদর ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার বলেন, শালিস বৈঠকের একটি কথা ধরে বাহিরের লোকজন মারধরের ঘটনা ঘটিয়েছে। শালিস বৈঠকের মধ্যে কিছুই হয়নি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply