রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৮ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে রাজধানীতে মানববন্ধন করেছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের নেতারা।
শনিবার (২৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দক্ষিণবাংলা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একনেকে অনুমোদন পাওয়ার পরও ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে নতুন বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে সংহতি জানিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান সিআইপি দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিগুলোকে যৌক্তিক ও সময়োপযোগী উল্লেখ করে সরকারের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দক্ষিণবাংলা ফোরামের সমন্বয়ক সাংবাদিক বদরুল আলম নাবিল বলেন, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য হাজার হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হলেও বরিশাল বিভাগের জন্য কোনো বিশেষ বরাদ্দ নেই, যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ।
মানববন্ধন থেকে আট দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ঢাকা-কুয়াকাটা রেললাইন নির্মাণ, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, বরিশাল-ভোলা ও বরিশাল-লেবুখালী সেতু নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা এবং ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন।
মানববন্ধনে ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি, পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম, পটুয়াখালী জেলা সমিতি, বরিশাল বিভাগীয় সমিতিসহ প্রায় ১০টি সংগঠনের কয়েক শতাধিক সদস্য অংশ নেন। এছাড়া বিভিন্ন জেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংবাদিক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বাজেটে সংশোধনী এনে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোতে বিশেষ বরাদ্দ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply