বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

কলাপাড়ায় পালিত বলি মহিষের হামলায় কৃষকের মৃ’ত্যু
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় নিজ গোয়ালের পালিত বলি মহিষের হামলায় তোফাজ্জেল মোল্লা (প্রায় ৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামের গামুরবুনিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাজাহান মোল্লার ছেলে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম জানান, তাদের গোয়ালে আটটি মহিষ রয়েছে, যার মধ্যে একটি বলি মহিষও ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তোফাজ্জেল মোল্লা বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বলি মহিষটি হঠাৎ তাকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। মহিষের সিংয়ের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে বুকের দুই পাশে মহিষের সিংয়ের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হামলার পরপরই তার মৃত্যু হয়েছে। পরে অন্য কৃষকরা বিলে গরু আনতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে নিজের পালিত মহিষের হামলায় তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply