বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন জুলাইযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় পৌর শহীদ মিনারে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং জুলাইযোদ্ধাদের সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খেপুপাড়া এতিমখানা হাফেজিয়া নুরানী মাদ্রাসায় প্রীতিভোজের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপি শহরে বর্ণাঢ্য র্যালি এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া শাখার উদ্যোগে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচি পালন করে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply