শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
কলাপাড়ায় জাল দলিলের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় জাল দলিল ও কাগজপত্র তৈরির মাধ্যমে জমি দখলের অভিযোগে ইউপি সদস্য মো. শাহিন মৃধা ও জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মাতুব্বর, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক মৃধা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মৃধা এবং ভুক্তভোগী পরিবারের সদস্য রহিম সিকদার, রাজা সিকদার, মিজানুর রহমান ও আকলিমা বেগম। এ সময় জমির মালিকদের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধানখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. শাহিন মৃধা ও জাহাঙ্গীর হাওলাদার বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীদের জমি দখলের চেষ্টা করছেন। তাদের দাবি, বিএস ১১৯০, ১১৯৭ ও ১১৯৯ নম্বর দাগের জমি ভুক্তভোগীদের নামে রেকর্ডভুক্ত।
বক্তারা আরও দাবি করেন, এ বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করা হলে ধানখালী ভূমি অফিসের কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে ওই জমি সংক্রান্ত বন্দোবস্তে অনিয়মের বিষয় উল্লেখ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তারা জানান।
তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে জমিতে লাল নিশান টানানো হলেও অভিযুক্তরা তা অমান্য করে জমি চাষাবাদ করছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমি দখলমুক্ত করার দাবি জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে ধানখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন মৃধা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, রহিম সিকদার উল্টো তার জমি বিএস রেকর্ড করে নিয়েছেন এবং এ বিষয়ে তিনি একাধিকবার ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে অভিযোগ জানিয়েছেন। এছাড়া স্থানীয় গরিবদের জন্য বরাদ্দকৃত কার্ডের জমি দখলের চেষ্টা করা হচ্ছে এবং তিনি ইউপি সদস্য হিসেবে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন শাহিন মৃধা। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply