রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আপন নিউজ ডেস্কঃ “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ সমবায় বিভাগ ও কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার সাতজন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কলাপাড়া সোসাইটির চেয়ারম্যান বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমবায়ী নেতৃবৃন্দ সহ কারিতাস প্রয়াস প্রকল্পের কলাপাড়া উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং একতা, জনতা, সততা ও সমতা ও অপারেটিভের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply