বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মোঃ ফেরদাউস (৩০) বাদী হয়ে কলাপাড়া থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া মৌজার বি.এস খতিয়ান নং ৯৭১, দাগ নং ৬৫৩৬ এর ০.১৩৫০ একর জমি বাদীর মায়ের ফরায়েজ সূত্রে প্রাপ্ত সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা জমিটি মাপঝোপ করে সীমানা নির্ধারণপূর্বক শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন।
বাদীর অভিযোগ, প্রতিপক্ষ মোঃ মাসুম বিল্লাহ (৪০), মোঃ মহিবুল্লাহ (৩৩), মোঃ মোকছেদুল (৩০), মোঃ মাহাবুব (৩৫) ও মোঃ লতিফ হাওলাদার (৬০) জোরপূর্বক জমিটি দখলের উদ্দেশ্যে কয়েক মাস আগে মাটি কেটে জমির আকার-আকৃতি পরিবর্তন করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বুধবার সকাল ১১টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে বেড়া দিতে গেলে বাদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করলে তিনি দৌড়ে প্রাণে রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় বাদীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সরে যায়। পরে তারা পুনরায় জমিতে গেলে খুন-জখমসহ বড় ধরনের ক্ষতির হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
বর্তমানে উক্ত জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাদী। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply