শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে কুপিয়ে জখম করে সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী সোহাগ হাওলাদারের স্ত্রী তানজিলা আক্তার এমন অভিযোগ করেছেন। গুরুতর আহত সোহাগ হাওলাদার বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাদক বিক্রেতাদের বিচার দাবীতে শুক্রবার বেলা ১১ টায় গাজীপুর- কুকুয়া সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ডে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। ঘটনা ঘটেছে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার কুকুয়া গ্রামের সরদার বাড়ীর সামনে।
জানাগেছে, আমতলী উপজেলার কুকুয়া গ্রামের মোশাররফ মৃধার দুই ছেলে অমিত মৃধা ও শিমুল মৃধা এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজী ও ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছে। তাদের এমন কর্মকান্ডে বাঁধা দিলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। গত ১৮ মার্চ তাদের মাদক বিক্রিতে বাঁধা দেন মৃধাবাড়ী স্ট্যান্ডের বিকাশ ব্যবসায়ী সোহাগ হাওলাদার। এতে ক্ষুব্ধ হন তারা। এর জের ধরে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে ব্যবসায়ী সোহাগ হাওলাদার তার বিকাশের দোকান বন্ধ শ্বশুর হাবিবুর রহমানের বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে সরদার বাড়ীর সামনে ওত পেতে থাকা অমিত মৃধা, শিমুল মৃধাসহ তার সহযোগীরা ব্যবসায়ীর মুখমন্ডল ও চোখ বেঁধে এলোপাথারী কুপিয়ে জখম করে। তাকে মৃত্যু ভেবে রাস্তার পাশে ফেলে রেখে দেয় এবং তারা ব্যবসায়ীর সাথে থাকা সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গত সোমবার রাতে আমতলী থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।
মাদক বিক্রেতা দুই ভাই ও তাদের সহযোগীদের বিচার দাবীতে শুক্রবার বেলা ১১ টা দিকে কুকুয়া-গাজীপুর সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ডে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কবির হাওলাদার, নাঈম, পারভীন ও কুদ্দুস মোল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অমিত ও শিমুল এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজী, ছিনতাই ও চুরির ঘটনার সঙ্গে জড়িত। তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদের তারা নানাভাবে হয়রানী করে। মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় গত সোমবার রাতে অমিত মৃধা ও তার ভাই শিমুল মৃধাসহ তাদের সহযোগীরা ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মুখমন্ডল ও চোখ বেঁধে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে। পরে তাকে মৃত্যু ভেবে রাস্তার পাশে ফেলে রেখেছে। আমরা এ ঘটনার শাস্তি দাবী করছি।
ব্যবসায়ী সোহাগ হাওলাদারের স্ত্রী তানজিলা আক্তার বলেন, গত ১৮ মার্চ অমিত মৃধা ও শিমুল মৃধা মাদক বিক্রি করছিল। আমার স্বামী এতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে আমার স্বামীকে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করে। মৃত্যু ভেবে তারা রাস্তার পাশে ফেলে রাখে। পরে তার সঙ্গে থাকা সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, বর্তমানে আমার স্বামী বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখনও তার ঠিকমত জ্ঞান ফিরেনি। আমি এ ঘটনায় তাদের বিচার দাবী করছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, মামলা হয়েছে। আসামী গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply