সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কক্ষ থেকে নামিয়ে দেওয়ার ঘটনার দুই দিন পর একই প্রতিষ্ঠানের চারজন শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) কলাপাড়া থানায় দায়ের করা এ মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। মামলায় অভিযুক্ত করা হয়েছে সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন সিকদার, সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক তৌহিদুল ইসলাম এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মোশারফ মৃধাকে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৬ জুন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে আবুল কালাম আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কলেজটির অধ্যক্ষ বসির আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর এমপিও স্থগিত করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজ পরিচালনায় তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাবেক অধ্যক্ষের প্ররোচনায় আসামিরা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার দিন অভিযুক্তরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং মব তৈরি করে তাঁর চলাচলে বাধা দেন বলে মামলায় উল্লেখ রয়েছে। এতে কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে শিক্ষাঙ্গনে আলোচনা চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply