সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাওয়ার পথে কুয়াকাটা মহাসড়কের হাজীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ একটি গরু সড়কে উঠে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ডা. শংকর প্রসাদ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তার অবস্থা এখনও সংকটাপন্ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিয়মিত তার চিকিৎসা তদারকি করছেন।
ডা. শংকরের স্ত্রী অর্পিতা হালদার, যিনি একজন ব্যাংক কর্মকর্তা, বলেন-যদি সরকারি গাড়ির সুবিধা থাকত, তাহলে হয়তো এমন ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলে যাতায়াত করতে হতো না।
স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মোঃ বেল্লাল হোসেন জানান, প্রতিষ্ঠানটিতে একটি প্রকল্পের গাড়ি থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। প্রকল্প বন্ধ থাকায় চালক ও জ্বালানি বরাদ্দ না থাকায় গাড়িটি ব্যবহার করা যাচ্ছে না।
উল্লেখ্য, ডা. শংকর প্রসাদ অধিকারী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ২০০৫ সালে অর্পিতা হালদারের সঙ্গে তার বিবাহ হয়। বর্তমানে তারা দুই সন্তানের জনক-জননী।
কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ববি মালাকার জানান, ডা. শংকরের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply