মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ও চম্পাপুর ইউনিয়নে ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর থ্রাইভ প্রকল্প কলাপাড়ার উদ্যোগে এবং দাতা সংস্থা ইন্টারএ্যাকট এর অর্থায়নে দুই দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রবিবার (১০ মে) উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা এলাকার কাঞ্চন সরদারের বাড়িতে এবং সোমবার (১১ মে) চম্পাপুর ৬৮ নং দক্ষিণ দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী, সিপিপি সদস্য এবং যুবক-যুবতী স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল চন্দ্র দাস, কমিউনিটি ফেসিলেটর লাখাইন, এসএম আল-আমিন, তুষার বাড়ৈ, আসমা বেগম এবং কমিউনিটি মবিলাইজার সুমি।
‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’-এর মূল আলোচ্য বিষয় ছিল দুর্যোগের আগাম সতর্কতায় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সভায় অংশগ্রহণকারীদের জানানো হয়, কীভাবে পূর্ব প্রস্তুতির মাধ্যমে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ বহুলাংশে কমানো সম্ভব। পাশাপাশি বিভিন্ন পতাকার মাধ্যমে দুর্যোগের সংকেত সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় চম্পাপুরের যুবক-যুবতী স্বেচ্ছাসেবকরা সচেতনতামূলক একটি নাটিকা মঞ্চায়ন করেন। এছাড়াও কুইজ ও ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম আল-আমিন ও রাব্বী। সভার শেষে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply