বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

কলাপাড়ায় ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল পাচ্ছে ২৭ হাজার ৮৬৩ পরিবার
বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ঈদ-উল আযহা উপলক্ষে ২৭ হাজার ৮৬৩ দু:স্থ, হত দরিদ্র পরিবার পাচ্ছে মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এ বিশেষ ভিজিএফ চাল বিতরনে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবেনা বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে দু:স্থ, অসহায় পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরন কালে তিঁনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ এ ভিজিএফ চাল বিতরণের জন্য উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ২০ হাজার ১৫৩ উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়েছে। এছাড়া কলাপাড়া পৌরসভার উপকার ভোগী পরিবার সংখ্যা ৪ হাজার ৬২৫ এবং কুয়াকাটা পৌরসভার উপকার ভোগী পরিবার সংখ্যা ৩ হাজার ৮৫। উপকার ভোগী এসব পরিবারের মাঝে বিতরনের জন্য ইতিমধ্যে ২৭৮. ৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, ঈদ-উল আযহা উপলক্ষে ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ইউনিয়ন পরিষদের উপবরাদ্দকৃত বিভাজনের ভিত্তিতে প্রাপ্ত তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। বিতরণের সময় অবশ্যই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ সহ ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন।
এছাড়া গত ২৮-৩০ এপ্রিল প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ মেট্রিক টন চাল বিতরণ চলমান রয়েছে বলে জানান মোকছেদুল আলম।
কলাপাড়া ইউএনও কাউছার হামিদ বলেন, ভিজিএফ চাল বিতরনে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবেনা। অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply