রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধাক্কায় আহত ৯, গুরুতর ৮ জন বরিশালে রেফার
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে কলাপাড়া ব্রিজ টোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল খালেক (৪০), হারুন গাজী (৪৫), কাসেম মোল্লা (৩৫), বুলবুল (২৬), রাকিবুল (২৮), শফিকুল ইসলাম (৩০), মিজানুর রহমান, রাহাত (২১) ও সাকিল (২৫)। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। আহত সাকিলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৪) একটি বাস কলাপাড়া ব্রিজ টোল এলাকায় পৌঁছালে পাখিমারা থেকে কলাপাড়াগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে গুরুতরদের বরিশালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার পর থেকে আহতদের চিকিৎসা ও বরিশালে রেফারের সার্বিক সহযোগিতা করছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply