সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

তালতলীর বন বিভাগের গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ পাঁচজন জেল হাজতে
আমতলী প্রতিনিধিঃ বন বিভাগের গাছ কেটে স্থাপনা ও রাস্তা নির্মানের ঘটনায় ইউপি সদস্য শহীদ আকনসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, তালতলী উপজেলার সকিনা বীটের নিন্দ্রার চর এলাকায় বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য শহীদ আকন, মাসুদ খাঁন, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোঃ নেকিয়ার হোসেন স্থাপনা ও রাস্তা নির্মাণ করেন। ওই ঘটনায় গত ২৬ এপ্রিল তালতলী সকিনা বীট কর্মকর্তা মোঃ রাহিমুল ইসলাম জুমেল ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তালতলী থানায় মামলা বন আইনে দায়ের করেন। ওই মামলা আসামী সোনাকাটা ইউনিয়ন পরিষদ সদস্য শহীদ আকন, মাসুদ খাঁন, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোঃ নেকিয়ার হোসেন রবিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তালতলী বন বিভাগের সকিনা বীট কর্মকর্তা মোঃ রাহিমুল ইসলাম জুমেল বলেন, আইনের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ইউপি সদস্য শহীদ আকনসহ কয়েকজন বন বিভাগের গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করেছে। এ ঘটনায় মামলা দায়ের করেছি। ওই মামলায় আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছেন।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ আবু বকর বলেন, আদালতের বিচারক বন বিভাগের দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply