শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
কলাপাড়া প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্প-এর আওতায় কলাপাড়া উপজেলা প্রশাসনের হলরুমে বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে।
ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মোঃ মহসীন রেজা, লতাচাপলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা পানি কমিটির সহ-সভাপতি মোসাঃ রাহিলা আক্তার (রুপা), সাংবাদিক মিলন কর্মকার রাজু, এস এম আলমগীর হোসেন, নেটওয়ার্ক প্রতিনিধি মোঃ সাইদুর রহমানসহ অন্যান্য সদস্যরা।
সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) মোঃ মিজানুর রহমান। প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রেজওয়ানুল হক চৌধুরী। তিনি কুয়াকাটা পৌর খালকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা, ভূমিহীন জেলেদের মধ্যে খাসজমি বরাদ্দ, সরকারি জলমহাল নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতির কাছে ইজারা প্রদান, কুয়াকাটা, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং প্রান্তিক জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, ফিশনেট প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক। সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। তিনি প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম বলেন, প্রকল্পের কার্যক্রম টেকসই করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি সমুদ্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে সরকারি সহায়তা পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে মূলধন বৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম বলেন, মৎস্যজীবী নারী সংগঠন নিবন্ধনে তাঁর দপ্তর সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি দুস্থ ও অসহায় মৎস্যজীবী নারীদের সরকারের VWB কর্মসূচির আওতায় আনতেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সভাটি সঞ্চালনা করেন মোঃ আবু এমরান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply