সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি
স্টাফ রিপোর্টার, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও রূপার অলংকারসহ মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা এলাকার বাসিন্দা মো. আবু সাইদ, যিনি বর্তমানে সজিব গ্রুপে এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কলাপাড়া টেরিটরিতে কর্মরত, তিনি পরিবারসহ কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহেল তালুকদারের ভাড়াবাসায় বসবাস করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি পরিবারসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান এবং বাসায় তালা দিয়ে বের হন। এ সুযোগে রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা বাসার সামনের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ট্রাঙ্ক ও ওয়ারড্রোবের তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি রূপার নুপুর ও একটি রূপার ব্রেসলেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখে যায়।
পরদিন সকালে বাড়ির মালিক দরজার ছিটকিনি ভাঙা ও দরজা খোলা দেখতে পেয়ে মোবাইল ফোনে আবু সাইদকে বিষয়টি জানান। পরে তিনি পরিবারসহ বাসায় ফিরে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় আবু সাইদ কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানান।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply