রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম বাদুরতলী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন সিরাজী শনিবার (২৫ জুলাই) কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৭টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার বসতঘরের পেছনের অংশ দিয়ে টিন কেটে ঘরে প্রবেশ করে।
তিনি আরও অভিযোগ করেন, সকালে ঘুম থেকে উঠে তিনি ও পরিবারের সদস্যরা শারীরিকভাবে দুর্বলতা ও মাথা ঘোরার অনুভূতি পান। পরে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ঘরের পেছনের দরজা খোলা এবং টিন কাটা অবস্থায় দেখা যায়।
অভিযোগে দাবি করা হয়েছে, চোরেরা ঘরের আলমারি ও ড্রয়ার থেকে নগদ ১ লাখ টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, ১৩ ভরি রুপা এবং একটি উত্তরা ব্যাংকের চেকবই নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
ভুক্তভোগীর অভিযোগ, চোরেরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া তিনি এলাকার দুই প্রতিবেশীর ওপর সন্দেহ প্রকাশ করে তাদের নামও অভিযোগে উল্লেখ করেছেন।
কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply