বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া পৌরসভা এবং এর আওতাধীন সকল সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে শতভাগ রুফটপ সৌরবিদ্যুতের আওতায় এনে কলাপাড়াকে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর শহর হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) কলাপাড়া পৌরসভা চত্বরে পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি শেষে কলাপাড়া পৌর প্রশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। এ সময় বক্তব্য দেন সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মান্নান, নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। কলাপাড়া পৌরসভার বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হলে বিদ্যুৎ ব্যয় কমবে, পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে পৌরসভার নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।
তারা আরও বলেন, নেট মিটারিং সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকার বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মানববন্ধন থেকে দ্রুত একটি সমন্বিত ‘পৌরসভা সোলার কর্মপরিকল্পনা’ গ্রহণ, পর্যায়ক্রমে সব উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং কলাপাড়াকে দেশের প্রথম সারির পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে আরও গতিশীল করবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply