সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

মহিপুরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মিছিল, আশ্বস্ত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে বঙ্গোপসাগরে অবৈধ ও আর্টিসেনাল ট্রলিং বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৮ আগস্ট) রাতে মহিপুরের খাপড়াভাঙ্গা সেতু এলাকায় পটুয়াখালী-৪ জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের গাড়িবহরের সামনে অবস্থান নিয়ে তারা এ দাবি জানান।
জানা গেছে, কুয়াকাটায় আয়োজিত ‘শহীদ আব্দুল করিম মুসুল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা শেষে কলাপাড়ায় ফেরার পথে খাপড়াভাঙ্গা সেতু এলাকায় সংসদ সদস্যের গাড়িবহর পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন বিক্ষোভকারী সড়কে শুয়ে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, উপকূলসংলগ্ন সাগরে অবৈধ ট্রলিং বোটে অতিক্ষুদ্র ফাঁসের জাল ব্যবহারের পাশাপাশি ফিশ ফাইন্ডার, জিপিএস ও রাডারের মতো প্রযুক্তি ব্যবহার করে মৎস্য শিকার করা হচ্ছে। এর ফলে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ পোনা ও ডিমওয়ালা মাছ ধ্বংস হচ্ছে, যা সামুদ্রিক মৎস্যসম্পদ ও হাজারো জেলের জীবিকাকে চরম হুমকির মুখে ফেলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের দাবি মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, ‘আমি আপনাদের দাবি-দাওয়া শুনেছি। স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে জেলেদের কল্যাণ ও স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমপির কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন মহিপুর থানা পরিদর্শন করেন।
এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাড, শাহজাহান পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply