সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উদ্ধার
মো. নাহিদুল হকঃ কলাপাড়ায় নয়টি ছানা সহ মা বালিহাঁস (সরাইল প্রজাতির)উদ্ধার করেছে এনিমেল লাভার্স সদস্যরা। বন বিভাগের সহযোগিতায় রোববার বিকেল তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির বাদুরতলী বাঁধঘাট এলালায় মাইনুদ্দিন শরীফের বাড়ি থেকে এই বন্য প্রাণীগুলো উদ্ধার করা হয়।
পাখি বন্দী করে রাখা মাইনুদ্দিন শরীফ বলেন, স্থানীয় একটি ডোবায় মা পাখিটি তার ছানাদের নিয়ে খেলা করছিল। এসময় শিশুরা ঢিল মেরে এবং জাল দিয়ে পাখিগুলোকে ধরার চেষ্টা করে। পরে আমি আমার বোনের মাধ্যমে খবর পেয়ে দুদিন আগে ধরে এনে বাসায় অন্যান্য হাঁসের বাচ্চাদের সঙ্গে রেখে পালন করি। না হলে অন্য কেউ ধরে নিয়ে মেরে ফেলতো। তিনি বলেন, বাদুরতলী খালে এই হাঁসের ঝাক মাঝে মধ্যেই দেখা যায়। এর আগেও এই অতিথি পাখির বিচরণ দেখা গেছে।
এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান বলেন, স্থানীয় সাংবাদিক নাহিদুল হক ও সাইফুল ইসলামের মাধ্যমে সংবাদ পেয়ে বনবিভাগের সহযোগিতায় ৯ টি ছানা সহ মা পাখিকে (বালিহাঁস) উদ্ধার করা হয়েছে। তবে ছানাগুলো একদমই ছোট হওয়ায় তাদের কিছুদিন শেডে রেখে পরিচর্যার পর অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী উদ্ধারকারী এই সদস্য বলেন, এটি একটি সরাইল প্রজাতির বালিহাঁস। ডিম দিতে এবং বাচ্চা ফুটানোর জন্য এই অতিথি পাখি লোকালয়ে আসে। তবে এরা প্রায় বিলুপ্তির পথে। তাই এদের সংরক্ষণের জন্য সরকারি ভাবেও কঠোর নির্দেশনা রয়েছে।
কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্ত (দায়িত্বপ্রাপ্ত) মনিরুল ইসলাম মনি বলেন, খবর পেয়ে এনিমেল লাভার্স সদস্যদের মাধ্যমে মা হাস এবং ছানাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত সময়ে প্রাণীগুলো বনে অবমুক্ত করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply