মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের ১০৭নং বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান ওরফে লিটন মৃধার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মহিপুরের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ওই বিদ্যালয়ে কর্মরত থেকে শিক্ষক কামরুল হাসান বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত। বিদ্যালয়ের পরিত্যক্ত ইট ও রড অনুমতি ছাড়া নিজ বাড়িতে নিয়ে গরুর খামার ও পাকা টয়লেট নির্মাণ, সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে ব্যয় না করে আত্মসাতের অভিযোগও করেন তিনি।
এছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে সালিশ ও জমি-সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়ার অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, ২০২৪ সালের ১৪ আগস্ট একটি ঘটনায় শিক্ষকটির কথিত লোকজনের হামলায় শহিদুল ইসলামের হাত ভেঙে যায় এবং তার কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
শহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, শিক্ষক কামরুল হাসানের বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে এবং মামলায় হাজিরা দেওয়ার পরদিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান মোঃ শহিদুল ইসলাম।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ কামরুল হাসান ওরফে লিটন মৃধা বলেন, এসব অভিযোগের বিষয়ে মামলা চলমান রয়েছে। তিনি আদালতের ওপর আস্থাশীল এবং আদালত যেভাবে রায় দেবেন, তা মেনে নেবেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply