শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ
কলাপাড়া প্রতিনিধিঃ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ বাংলাদেশে এসেছে। ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU) নামের জাহাজ তিনটি বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
সফরকালে চীনা জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন।
এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও মতবিনিময়ের পাশাপাশি প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply