বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা সমাজসেবা অফিসার ও সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার কারনে পরিষদের সেবা গ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছে। তার বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ এনে ৮ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব এনে বরগুনা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন। বুধবার আট ইউপি সদস্য এমন অভিযোগ দেন। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী তাদের।
জানাগেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসারকে নিয়োগ দেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়। নিয়োগ পেয়ে তিনি পরিষদের নানা অনিয়মে যুক্ত হন এমন অভিযোগ ইউপি সদস্য বেলাল হোসেন। তিনি নিয়মিত অফিসে যান না। সেবা গ্রহীতারা দিনের পর দিন সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করলে সেবা গ্রহীতাদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেছেন এমন অভিযোগ নারী ইউপি সদস্য মোসাঃ সাহিদা বেগমের। এছাড়াও তিনি ইউপি সদস্যদের সাথে খারাপ আচরণ করছেন বলে অভিযোগ ইউপি সদস্য ফিরোজ খান তাপসসহ অন্য সদস্যদের। তার আচরণ ও অনিয়মের কারনে ক্ষুব্দ সেবা গ্রহীতারা। তার আচরণ ও নানা অনিয়মের অভিযোগ এনে বুধবার ইউনিয়ন পরিষদের ৮ ইউপি সদস্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
সেবা গ্রহীতা মোঃ আমির হোসেন ও সুমন মোল্লা বলেন, পরিচয় পত্র আনতে আমতলী সদর ইউনিয়ন পরিষদে কয়েকবার গিয়েছি। কিন্তু প্রশাসককে পাইনি।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য মোঃ ফিরোজ খান তাপস বলেন, উপজেলা সমাজসেবা অফিসার ও সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ মাঞ্জুরুল হক কাওসার প্রশাসক নিয়োগ পেয়ে নানা অনিয়মের সঙ্গে যুক্ত করে টাকা হাতিয়ে নিচ্ছেন। সেবা গ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ করছেন। ইউপি সদস্যদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করছেন। তার খারাপ আচরণের কারনে এখন আর জনগন পরিষদে সেবা দিতে আসছে না। তিনি আরো বলেন, প্রসাশক মাঞ্জুরুল হক কাওসার আমতলী পৌরসভার কাউন্সিলর, তার দাপ্তরিক কাজ কর্ম থাকায় তিনি নিয়মিত অফিসে আসছেন না। ফলে সেবা নিতে আসা লোকজন দিনের পর দিন ভোগান্তির শিকার হচ্ছে। এখন মানুষ বিরক্ত হয়ে অফিসে সেবা নিতে আসছে না। দ্রুত তার অনিয়মের বিষয়ে তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী তার।
আমতলী উপজেলা সমাজসেবা অফিসার ও সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ মাঞ্জুরুল হক কাওসার বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ দেয়ার বিষয়ে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে যদি অভিযোগ দিয়ে থাকে তা মিথ্যা।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply