সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-কে মন্ত্রিসভায় নিযুক্ত করার দাবী জানানো হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। কলাপাড়া নাগরিক সমাজ (কেএনএস) নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন তাঁর লিখিত বক্তব্যে বলেন, পটুয়াখালী-৪ আসনটি দুইটি উপজেলা, তিনটি থানা, দুইটি পৌরসভার প্রশাসনিক কাঠামো নিয়ে বাংলাদেশের অন্যতম এবং বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন হিসেবে পরিচিত। এ আসনের কলাপাড়া উপজেলায় দেশের সবচেয়ে বৃহত্তম শের-ই-বাংলা ত্রি-মাত্রিক নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানী লিমিটেডের (বিসিপিসিএল) মালিকানাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, আরএনপিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের মালিকানাধীন পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, দেশের সবচেয়ে বড় ইন্টারনেট ব্রডব্যান্ডের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র (রাডার স্টেশন), কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুরে সরকারি মৎস্য অবতরণ কেন্দ্র, নীলগঞ্জের পাখিমারায় পাট গবেষণা কেন্দ্র, পানি জাদুঘর, খেপুপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম রয়েছে।
তিনি আরও বলেন, এবিএম মোশাররফ হোসেন তারেক রহমানের দেশ পরিচালনার ৩১ দফার পাশাপাশি বিশেষ কিছু পরিকল্পনার কথা নির্বাচনের প্রাক্কালে জনমানুষের কাছে তুলে ধরেছেন। অনন্য সম্ভাবনাময় এ এলাকার সমস্যা তুলে ধরে সেসবের সমাধান করা, সম্ভাবনা ও উন্নয়ন কাজের নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য নেতা হলেন এবিএম মোশাররফ হোসেন। এ জনপদের মানুষের মূল পেশা কৃষি, মৎস্য ও পর্যটন। এ জনপদে আকর্ষণীয় অনেকগুলো পর্যটন স্পট রয়েছে, সেগুলোকে ঘিরে পর্যটনের একটি হাব হিসেবে পরিণত করা, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা দরকার। কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলার তিন লাখ ভোটারের প্রাণের দাবি একজন সফল রাজনীতিক এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী সভায় নিযুক্ত করা হলে উপকূলকে অর্থনৈতিক উন্নয়নের করিডোরে পরিণত করতে তিনি সফল হবেন ।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র সুজন আরও বলেন, এর আগে এ জনপদ থেকে দু’জন এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী পরিষদে যুক্ত হয়েছিলেন। জাতীয় রাজনীতির পরিচিত মুখ এবিএম মোশাররফ হোসেন এমপি নির্বাচিত হলে মন্ত্রী হিসেবে নিযুক্ত হবে, সে আশায় মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছেন। তা ছাড়া এ উপকূলের মানুষ বিভিন্নভাবে অবহেলিত। অপার সম্ভাবনার এ জনপদের কাংখিত জনপ্রতিনিধি এবিএম মোশাররফ হোসেন-কে মন্ত্রী পরিষদে নিযুক্ত করতে জোড় দাবি জানান উপকূলের মানুষ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply