মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুরে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে ফেব্রুয়ারি মাসের ‘মাসিক মূল্যায়ন’-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্কুলের পরিচালক সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আকলিমা নিশি ও মনিরা আক্তারের যৌথ সঞ্চালনায় পঞ্চম শ্রেণির ছাত্রী উম্মুল খইরী ফাতেমার পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা ও অভিভাবক সদস্য ফাতেমা আক্তার সুমনা।
সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা তাঁর বক্তব্যে বলেন, ‘মাসিক মূল্যায়ন শুধু নম্বরের হিসাব নয়; এটি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই, দুর্বলতা চিহ্নিতকরণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা সম্পর্কে সচেতন হয় এবং উন্নতির জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করতে পারে।’
অভিভাবক সদস্য ফাতেমা আক্তার সুমনা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারও একজন শিক্ষার্থীর সাফল্যের গুরুত্বপূর্ণ অংশীদার। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকশিত হয়।’
সভাপতির বক্তব্যে পরিচালক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। আজকের এই মূল্যায়ন তাদের ভবিষ্যৎ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা কৃতিত্ব অর্জন করেছে তাদের অভিনন্দন, আর যারা প্রত্যাশিত ফল পায়নি তাদের নিরাশ হওয়ার কিছু নেই-অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি।’
অনুষ্ঠানের শেষ পর্বে মাসিক মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, নিয়মিত ও কার্যকর মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তারা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক বিকাশ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply